
আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া দুই লাখ দশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে রেড ক্রস। রেড ক্রস আরও জানিয়েছে,বন্যাক্রান্ত পরিবারগুলোকে গারিসা ও তানা নদী এলাকার নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে। নিরাপদ পানির চরম সংকট থেকে ইতিমধ্যে তাদের মধ্যে প্রতি ঘণ্টায় ৪ হাজার লিটার করে পানি বিরতণ করা হচ্ছে। মার্চে উত্তর কেনিয়ার তানা নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ায় এখনো বন্যার সাথে মোকাবেলা করছে এ অঞ্চলের মানুষ। গত এক মাসে বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে গৃহহারা হয়ে গেছে। তবে শেষের দিকে অধিকাংশই মৃত্যুর ঘটনায় ভূমিধসের কারণে বলে জানা গেছে। ভূমিধস থেকে রেহাই পেতে স্থানীয় সম্প্রদায়কে নিরাপদ জায়গা সরে যেতে নির্দেশ দিলেও এ দুর্ঘটনা এড়াতে পারেনি অঞ্চলটি। জাতিসংঘ জানিয়েছে,নদী ভাঙ্গন ও বন্যার কারণে ইতিমধ্যে অন্তত সাড়ে আট হাজার একর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে।