
আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফের সুরক্ষায় ৩৭ কোটি ৯০ লাখ ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তিন হাজার ১৪৪ কোটি ৭৫ লাখ ২৫ হাজার কোটি টাকা। কৃষি কীটনাশক নির্গমন কমানোর জন্য এবং পানির মান আরও উন্নত করতে এ তহবিল ব্যবহার করা হবে। কিছু অর্থ ব্যয় করা হবে প্রবাল প্রাচীর সংলগ্ন এলাকায় বসবাসকারী কৃষকদের অভ্যাস পরিবর্তন বা সংশোধনে সাহায্য করতে। সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রের ক্রমবর্ধমান তাপমাত্রা এবং প্রবালখেকো স্টারফিশের কারণে প্রাচীরটি এর ৩০ শতাংশ প্রবাল হারিয়ে ফেলেছে।
প্রবাল প্রাচীরের বড় হুমকিগুলের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণ পলি, নাইট্রোজেন ও কীটনাশক। এর সঙ্গে যুক্ত হয়েছে স্টারফিশের বিভিন্ন প্রজাতি। কার্বন নির্গমন না কমিয়ে গ্রেট ব্যারিয়ার রিফ রক্ষা করা অসম্ভব। কার্বন নির্গমন কমানোর মানে হচ্ছে কয়লা, তেল ও গ্যাস পোড়ানো বন্ধ করা। ১৯৮১ সালে গ্রেট ব্যারিয়ার রিফকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। এর আয়তন প্রায় তিন লাখ ৪৪ হাজার ৪০০ বর্গ কিলোমিটার। জীববৈচিত্র্যের প্রাচুর্যে ভরা বিশাল আকৃতির এই প্রবাল প্রাচীরটি মহাকাশ থেকেও দেখা যায়। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে কুইন্সল্যান্ডে অবস্থিত এই প্রাচীর ছোট-বড় মিলিয়ে ৯০০টি দ্বীপের সমন্বয়ে গঠিত। এখানে রয়েছে প্রায় ৩০ প্রজাতির তিমি, ডলফিন ও কাছিম, ছয় প্রজাতির সামুদ্রিক কাছিম, ২১৫ প্রজাতির পাখি এবং ১৭ প্রজাতির সামুদ্রিক সাপ। সারা দুনিয়ার সমগ্র মৎস্য প্রজাতির প্রায় ১০ ভাগের দেখা মেলে এখানে।