News71.com
 International
 01 May 18, 12:10 PM
 258           
 0
 01 May 18, 12:10 PM

সুইডেনের রাজকন্যাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ ।।নোবেল পুরস্কার প্রদান একবছর বন্ধ

সুইডেনের রাজকন্যাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ ।।নোবেল পুরস্কার প্রদান একবছর বন্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ এ বছর নোবেল প্রাইজ দেওয়া হবে কি না তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। নোবেল পুরস্কার ঘোষণাকারী সুইডিশ অ্যাকাডেমির এক অনুষ্ঠানে সুইডেনের রাজকন্যাকে প্রকাশ্যে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন এক ফটোগ্রাফার। ওই ঘটনার জেরে সুইডিশ অ্যাকাডেমিতে ঘটছে একের পর এক পদত্যাগ। আর এতেই এই সংশয় তৈরি হয়। ২০০৬ সালে সুইডিশ অ্যাকাডেমির এক অনুষ্ঠানে সুইডেনের রাজবংশের উত্তরাধিকারী রাজকন্যা (ক্রাউন প্রিন্সেস) ভিক্টোরিয়ার শরীরে হাত দিয়েছিলেন ওই অনুষ্ঠানে উপস্থিত ফটোগ্রাফার জাঁ ক্লদ আর্নোট। আর্নোট সুইডিশ অ্যাকাডেমির সদস্য ক্যাটারিনা ফ্রস্টেনসেনের স্বামী। এ সময়ে রাজকন্যার এক সঙ্গী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এ ঘটনাটি অন্তত তিনজন মানুষ দেখেন, জানিয়েছে সুইডেনের স্থানীয় সংবাদমাধ্যম সভেনস্কা ডাগব্লাডেট।

এমন অপ্রীতিকর ঘটনা আর্নোটের জন্য প্রথম নয়। গত বছর নভেম্বরে #metoo ক্যাম্পেনের সময়ে তার বিরুদ্ধে ১৮ জন নারী যৌন হয়রানির অভিযোগ আনেন। এরপর সমালোচনার মুখে সুইডিশ অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন তার স্ত্রী ক্যাটারিনা ফ্রস্টেনসেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আর্নোট। ক্যাটারিন ফ্রস্টেনসেনের পাশাপাশি আরও তিনজন সদস্য ক্লাস অস্টারগ্রেন, কিয়েল এস্পমার্ক এবং পিটার এংলুন্ড পদত্যাগ করেন। এর কিছুদিন পরেই সুইডিশ অ্যাকাডেমির প্রধান, অধ্যাপক সারা দানিয়ুস পদত্যাগ করেন। যৌন হেনস্তার ইস্যুটি সামনে আসার পর থেকে সুইডিশ অ্যাকাডেমির মোট ছয়জন সদস্য পদত্যাগ করেছেন। একে অবশ্য ঠিক পদত্যাগ বলা যায় না, কারণ অ্যাকাডেমিতে তাদের আজীবন আসন রক্ষিত। তবে তারা অ্যাকাডেমির কাজে অংশগ্রহণ বন্ধ করে দিয়েছেন। বর্তমানে সুইডিশ অ্যাকাডেমিতে ১১ জন সদস্য কাজ করছেন। সব মিলিয়ে এ বছরের শেষের দিকে নোবেল পুরস্কার দেওয়া সম্ভব হবে কি না এ বিষয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন