
আন্তর্জাতিক ডেস্কঃ দুটি পৃথক হামলায় গাজা উপত্যকায় ৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এ সময় সেনাদের গুলিতে আরো ১ ফিলিস্তিনি আহত হন বলে জানা গেছে। গতকাল রবিবার গাজা উপত্যকার পূর্ব প্রান্তে ওই পৃথক দুটি ঘটনা ঘটেছে। জানা গেছে,গতকাল রবিবার বিকেলে ইসরাইলি সেনারা গুলি করে দুই ফিলিস্তিনিকে হত্যা করে। সে সময় সেখান থেকে অপর এক ফিলিস্তিনি যুবককে ধরে নিয়ে যায় সেনারা। এদিকে,এর কয়েক ঘণ্টা আগে গাজার দক্ষিণ প্রান্তে গুলি করে আরেক ফিলিস্তিনি তরুণকে হত্যা করে ইসরাইলি সেনারা। তেল আবিব ওই তিন ফিলিস্তিনি যুবকের হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে। তেল আবিবের দাবি,নিহত ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে ইসরাইলে অনুপ্রবেশ করতে চেয়েছিল বলে তাদের হত্যা করা হয়েছে। প্রসঙ্গত,গত ৩০ মার্চ ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে বর্বরোচিত হামলা চালায় ইসরাইলি সেনারা। তখন থেকে এ পর্যন্ত গুলি করে ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় শত-শত ফিলিস্তিনি আহত হন।