
আন্তর্জাতিক ডেস্কঃ একদিকে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে আর ডোকলামের বরফ গলাতে চীনা শহরে মুখোমুখি বসেছেন মোদী-শি জিনপিং তার মধ্যেই চিন সীমান্তে নতুন করে বর্ডার পোস্ট তৈরি সিদ্ধান্ত নিল মোদী সরকার। আরও ৯৬টি নতুন বর্ডার পোস্ট তৈরি করা হবে ৩,৪৮৮ কিলোমিটার সীমান্ত জুড়ে। এই ৯৬টি নতুন বর্ডার পোস্ট তৈরি হলে সীমান্তে সুটি পোস্টের মধ্যে দূরত্ব কমে যাবে। ফলে জওয়ানরাও আরও বেশি দ্রুত যে কোনও অপারেশনে অংশ নিতে পারবে। আর সীমান্ত পার করে অনুপ্রবেশের চেষ্টা হলেই রুখে দিতে পারবে আইটিবিপি জওয়ানেরা। দুর্গম ওই এলাকায় যাতায়াতে অনেক কম সময় লাগবে নতুন এইসব পোস্ট তৈরি হলে। ১২০০০ থেকে ১৮০০০ ফুট উচ্চতায় থাকা পোস্টে রেশন পৌঁছে দেওয়া যাবে। আর অবশ্যই চিনের উপর কড়া নজর রাখা সম্ভব হবে।
এই বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা চলছে। দ্রুত শিলমোহর দেওয়া হবে এই সিদ্ধান্তে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তরফ থেকে জানানো হয়েছে, এটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে পোক্ত করার জন্য তৈরি করা হচ্ছে। এর মানে এই নয় যে, ভারত চিনের সঙ্গে কোনোরকম সংঘাত চায়। গত কয়েক বছর ধরেই রুটিন হিসেবে এই পোস্ট তৈরির ব্যাপারে আলোচনা চলছে। এগুলি তৈরি হলে আইটিবিপি-র মোট পোস্টের সংখ্যা হবে ২৭২। বর্তমানে ১৭৬টি পোস্ট রয়েছে। অন্যদিকে, আরও ৯০০০ জওয়ানকে যুক্ত করা হবে আইটিবিপি-তে। বছর দুয়েকের মধ্যেই বাড়ানো হবে এই সংখ্যা।