
আন্তর্জাতিক ডেস্কঃ এয়ারপোর্ট থেকে সোজা চলে গিয়েছে ঝাঁ চকচকে হাইওয়ে। যে দিকেই তাকানো যায় বড় বড় ইমারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে কোনও খামতি রাখেনি চীনা শহর ইউহান। সেখানেই নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন শি জিনপিং। এক-আধবার নয়, মাত্র ২৪ ঘণ্টায় পরপর ছ’টি বৈঠকে মুখোমুখি হবেন মোদী-শি জিনপিং। কোনোটা আবার লেকের জলের ভাসমান নৌকায়। ভারত-চীন কূটনীতিক গভীর তত্ত্ব এভাবেই উঠে আসবে আলোচনায়। তবে, কেবলমাত্র দুই রাষ্ট্রনেতা মুখোমুখি হচ্ছেন না। সঙ্গে থাকছেন ছয় জনের একটি করে প্রতিনিধি দলও। আজ শুক্রবারেই হবে সবকটা বৈঠক। প্রথমটা হবে হুবেই প্রদেশের একটি মিউজিয়ামে। সেখানেও এক বিশেষ প্রদর্শনীরও বন্দোবস্ত করা হয়েছে। পরেরটা হবে ইস্ট লেকের ধারে একটি গেস্ট হাউসে। ডিনারের পর ফের বৈঠক। তবে সীমান্ত, এনএসজি কিংবা ডোকলাম। এতগুলি বৈঠক হলেও কোনও যৌথ বিবৃতি দেওয়া হবে বলে এখনও খবর নেই। এই বৈঠকে মোদীর হাত ধরেই ডোকলাম ইস্যুর রফাসূত্র বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে কূটনৈতিক শিবির।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বড়সড় ধাক্কা খাওয়ায় ভারতকেই এখন পাখির চোখ করে এগোতে চাইছে বেজিং। বিশ্বের মোট জিডিপির ১৭.৬ শতাংশ অবদান রয়েছে ভারত-চীনের। ওদিকে শি জিনপিং-নরেন্দ্র মোদীর বৈঠকে তেমন গুরুত্বপূর্ণ আলোচনা হবে না বলে দাবি করেছেন ভারতের প্রাক্তন বিদেশসচিব এস জয়শঙ্কর। তবে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে উভয়েই আগ্রহী বলে মনে করছেন অনেকে।