
আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বহনকারী প্লেনে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রেহাই পেয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নির্বিঘ্নেই দিল্লি থেকে কর্নাটকের হুগলি বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। কংগ্রেস সভাপতিতে বহনকারী জেট প্লেনে এমন গুরুতর যান্ত্রিক বিভ্রাটের খবর প্রকাশের পর তোলপাড় চলছে ভারতজুড়ে। এ গোলযোগ পরিকল্পিত ছিলো কিনা খতিয়ে দেখার দাবি তুলেছে কংগ্রেস। ঘটনার পরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী রাহুলের সঙ্গে কথা বলেছেন। আজ শুক্রবার তিনবারের চেষ্টায় হুবলিতে নামে প্লেনটি। কংগ্রেস সভাপতিসহ পাঁচ জন যাত্রী ছিলেন ওই প্লেনে।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সূত্র জানায়, অটো-পাইলট ব্যবস্থায় সমস্যা হওয়ায় পাইলট ‘ম্যানুয়াল’ মুডে নিরাপদে অবতরণ করেন। এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয় বলেও দাবি ডিজিসিএ’র। বিধানসভা নির্বাচনের প্রচারণার কাজে আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে হুবলি রওনা হন রাহুল গান্ধী। পৌনে ১১টার দিকে তাকে বহনকারী ফ্যালকন জেট প্লেনটিতে দেখা দেয় গন্ডগোল। কর্নাটকের ডিজি ও আইজির কাছে লিখিত অভিযোগে রাহুলের সহযোগী কৌশল বিদ্যার্থী বলেছেন, প্রযুক্তিগত বিভ্রাটের কারণেই ঘটনাটি ঘটেছে কিনা তার ব্যাখ্যা মেলেনি। সকলের প্রাণ যেতে বসেছিল। কিন্তু রাহুল আগাগোড়া ধৈর্য রেখে পাইলটের পাশে ছিলেন, যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায়।