
নিউজ ডেস্কঃ লোকসভা ভোটের আগে ৩০ লক্ষের বেশি মহিলাকে নিয়ে বিশেষ ফৌজ তৈরির নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মহিলাদের নিয়ে মোদী সরকারের যে কাজ, তা দেশবাসীর কাছে তুলে ধরবে ওই মহিলারা। ধর্ষণ নিয়ে যখন উত্তাল দেশ. তখন বিরোধীদের জবাব দিতেই এই পদক্ষেপ বিজেপির। অমিত শাহ নির্দেশ দিয়েছেন, দলের হেরে যাওয়া আসনের প্রতি বুথে অন্তত তিন জন এবং জেতা আসনে ৫ জন করে মহিলার টিম তৈরি করতে হবে। প্রতি বিধানসভা কেন্দ্রে এমন পাঁচজন মহিলাকে খুঁজতে হবে, যাঁরা ভাল বক্তৃতা দিতে পারেন। দেশে প্রায় ৯ লক্ষ ২৭ হাজারের বেশি বুথে এই টিম তেরি করলে ৩০ লক্ষের বেশি মহিলা ফৌজ তৈরি হবে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মহিলাদের সক্রিয় ভূমিকায় এনে ভাল ফল পেয়েছিলেন মোদী। অমিত শাহও মনে করেন, বিজেপির ভোট বাড়ানোর জন্য মহিলারা অনেক ক্ষেত্রে পুরুষ কর্মীদের থেকে বেশি পারদর্শি হবে। কেন্দ্রের বেটি বচাও, বেটি পড়াও, শৌচালয়, রান্নার গ্যাস দেওয়া, মুদ্রা প্রকল্পে মহিলারাই যে সবথেকে বেশি লাভবান হয়েছেন- সেগুলি আরও বেশি করে প্রচার করবেন মহিলারা। বিজেপির এক নেতা জানান, দলের মহিলা কর্মীরা যদি সামনে থাকেন, তা হলে বিরোধীদের আক্রমণের মোক্ষম জবাব দেওয়া যাবে। একইসঙ্গে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী যে ভাবে পুরুষদের মানসিকতার সংস্কার ঘটাতে বলেছিলেন, সেই বার্তাও পৌঁছে দেওয়া যাবে।