News71.com
 International
 25 Apr 18, 10:25 AM
 219           
 0
 25 Apr 18, 10:25 AM

ইরান চুক্তির প্রতি আন্তর্জাতিক সমর্থন চাইছে রাশিয়া ও চীন।

ইরান চুক্তির প্রতি আন্তর্জাতিক সমর্থন চাইছে রাশিয়া ও চীন।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে না যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে রাশিয়া ও চীন। এজন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি ইরান চুক্তিকে অবিচল সমর্থন জানিয়ে একটি খসড়া বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানিয়েছে দেশ দুইটি। জেনেভায় জাতিসংঘের নন-প্রোলিফেরেশন কনফারেন্সে রাশিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ দূত ভ্লাদিমির ইয়ারমাকোভ বলেন, জেসিপিওএ নামে পরিচিত ইরান চুক্তি অনেকটা ভঙ্গুর। এটা নষ্ট করার কোনও উদ্যোগ বিশ্বের নন-প্রোলিফেরেশন দেশগুলোকে আক্রান্ত করবে। ইয়ারমাকোভ বলেন, আমরা আমাদের সহকর্মীদের চুপ না থাকার আহ্বান জানাব। আমরা আশা করি এই পরিস্থিতি নিজে নিজেই ঠিক হয়ে যাবে কিন্তু তারপরও জেসিপিওিএ রক্ষা করতে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। ওয়াশিংটন সফরররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো এই চুক্তি থেকে বের হয়ে না আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দেবেন বলে আশা করা হচ্ছে। আর চীন ও রাশিয়ার তৈরিকৃত খসড়া প্রস্তাবে জাতিসংঘ সদস্যদের জেসিপিওএ চুক্তির বিস্তারিত ও কার্যকর প্রয়োগের জন্য অবিচল সমর্থন নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তায় চুক্তিটির গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দেওয়া সম্ভব হবে। ইয়ারমাকোভ বলেন, শেষমেষ সব বড় দেশের কাছ থেকে এই চুক্তি রক্ষায় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। এমনকি তিনি যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের কাছ থেকেও সমর্থন পাওয়ার আশা করছেন। ইতোমধ্যে দেশগুলো চুক্তিটির পক্ষে কথা বলা শুরু করেছে। তিনি বলেন, তারা সবাই এই দাবির পক্ষে থাকবে বলে আমি আশা করছি। আমাদের যৌথ বিবৃতিতে নেতিবাচক কিছুই নেই। এটা পুরোপুরি বোধগম্য। এর ভাষাকে সমর্থন না করা কঠিন হবে। রুশ দূত আশা করছেন উত্তর কোরিয়াও বিবৃতিটিকে সমর্থন করবে। তিনি বলেন, ইরান চুক্তির ভবিষ্যত উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপের গুরুত্বপূর্ণ বিষয়। ইয়ামাকোভের পরই জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বক্তব্য দেন। তিনিও জেসিপিওএ চুক্তিকে সমর্থন করে বক্তব্য দেন। তিনি বলেন, এই চুক্তির অব্যাহত ও পূর্ণ প্রয়োগ গুরুত্বপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন