
আন্তর্জাতিক ডেস্কঃ চীন সীমান্তের কাছে এয়ারক্রাফট নামাতে নতুন সাতটি অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড তৈরি করছে ভারত। অরুণাচল প্রদেশে সীমান্রে কাছে এই এয়ারস্ট্রিপ তৈরি হবে। সেইসঙ্গে পুরনো এয়ারস্ট্রিপগুলিকেও আধুনিকীকরণ করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি বায়ুসেনার মহড়া গগণশক্তি চলাকালীন এই এলাকা পরিদর্শন করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ। এরপরই এই আধুনিকিকরণের কথা ঘোষণা করেন তিনি। এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়াও এই খবর নিশ্চিত করেছেন।
এদিকে, চীন সীমান্তে ভারত নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে মহড়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। উত্তরাখণ্ডের উত্তরকাশীর সীমান্তবর্তী এলাকায় ওড়ানো হয়েছে যুদ্ধবিমান। গগনশক্তি নামে এই মহড়া শুরু হয় গত মঙ্গলবার। সকাল সাড়ে ৬টা নাগাদ। ভারত-চীন সীমান্ত থেকে ২৩০ কিলোমিটার দূরে চিনালিসুর নামের একটি জায়গায় ঘাঁটি গাড়ে ভারতীয় বায়ুসেনার বিমানগুলি। বায়ুসেনা অফিসারদের ওই জায়গায় নিয়ে যাওয়া হয় An-32 নামের ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে। ৮ এপ্রিল থেকে শুরু হয় ভারতীয় বায়ুসেনার সবথেকে ব্যাপক আকারের মহড়া গগনশক্তি। চলে ২২ এপ্রিল পর্যন্ত। এই গগনশক্তি মহড়ায় আকাশে উড়েছে অন্তত ১১০০ কমব্যাট ও ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। ওড়ানো হয় হেলিকপ্টারও। আকাশ থেকে জলের মাঝে বোমা ফেলে চলবে মহড়া।