News71.com
 International
 23 Apr 18, 07:47 AM
 197           
 0
 23 Apr 18, 07:47 AM

আমেরিকা ও তার মিত্র দেশগুলোর কাছে কখনোই মাথা নত করবে না ইরান।।ইরানের সেনা কর্মকর্তা

আমেরিকা ও তার মিত্র দেশগুলোর কাছে কখনোই মাথা নত করবে না ইরান।।ইরানের সেনা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান কখনোই আমেরিকা ও তার মিত্র দেশগুলোর কাছে মাথানত করবে না বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। আজ সোমবার তেহরানে ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনী প্রধানদের সম্মেলনে এ কথা বলেন তিনি। মেজর জেনারেল বাকেরি বলেন,ইরান নিজের শক্তি ও সামর্থ্যের ওপর ভর করে প্রতিবেশী দেশগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দুই মেরু কেন্দ্রিক ব্যবস্থার অবসান হয়েছে এবং প্রাচ্য ও পাশ্চাত্যে নতুন নতুন শক্তির উত্থান ঘটছে। কিন্তু আমেরিকা বিশ্বের বিভিন্ন প্রান্তে সেনা মোতায়েন ও শক্তির ভাষা ব্যবহারের মাধ্যমে বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন,আমেরিকা দায়েশের সহযোগিতায় পশ্চিম এশিয়ার একটা বড় অংশে সংকট সৃষ্টি করেছে। এর ফলে বহু মানুষ নিহত ও বাস্তুহারা হয়েছে। তিনি বলেন,আমেরিকা কোনো ধরণের আন্তর্জাতিক নীতিমালার তোয়াক্কা করে না। সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক হামলার মধ্যদিয়ে আবারও এই বাস্তবতা সামনে স্পষ্ট হয়েছে। মেজর জেনারেল বাকেরি আরও বলেন,ইসরায়েল বিনা বাধায় নিজের পরমাণু অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তাতে আমেরিকা কোনো দোষ দেখছে না। কিন্তু সেই আমেরিকাই অন্য দেশগুলোকে বৈধ ও প্রচলিত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং এটাকে অপরাধ হিসেবে গণ্য করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন