
আন্তর্জাতিক ডেস্কঃ ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণে জড়িতদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করছে ভারত সরকার। এ বিষয়ে এক অধ্যাদেশ (জরুরি নির্বাহী আদেশ) জারি করা হয়েছে। আজ শনিবার দেশটির মন্ত্রিপরিষদের এক সভায় শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজার পক্ষে এই যুগান্তকারী সিদ্ধান্তটি নেওয়া হয়। সরকারের এই উদ্যোগকে শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা বা হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। পাঁচদিনের বিদেশ সফর শেষে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১০ জানুয়ারি কাশ্মীরের কাঠুয়া শহরের রাসানা এলাকায় আট বছরের এক শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভের মুখে গত সপ্তাহে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেনেকা গান্ধী এ সংক্রান্ত আইনে পরিবর্তনের কথা বলেন। মন্ত্রিপরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়।