News71.com
 International
 19 Apr 18, 04:23 AM
 157           
 0
 19 Apr 18, 04:23 AM

বাংলাদেশ থেকে ১৯ ক্যাটাগরিতে কর্মী নেবে দুবাই

বাংলাদেশ থেকে ১৯ ক্যাটাগরিতে কর্মী নেবে দুবাই

 

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ১৯টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগের বিষয়ে দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় আরব আমিরাতের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশন-এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নাসের আল হামলি উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এবং সংযুক্ত আরব আমিরাতের মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরেটাইজেশন-এর আন্ডার সেক্রেটারি সাইফ আহমেদ আল সুআইদি নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। স্মারকটি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। সরকারি তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ থেকে ১৯টি ক্যাটাগরির কর্মী নিয়োগের বিধান, পদ্ধতি, রিক্রুটমেন্ট এজেন্সি ও উভয় দেশের সরকারের দায়িত্ব ও কর্তব্য, কর্মীদের অধিকার, সুযোগ-সবিধা, নিয়োগকারী কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য, নিয়োগ চুক্তির বিধান ও পৃথক একটি বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা ইত্যাদি উল্লেখ রয়েছে।


সংযুক্ত আরব আমিরাতে এসব কর্মীদের স্বার্থ রক্ষায় ২০১৭ সালে কার্যকর হওয়া আইনের আলোকে সমঝোতা স্মারকে শ্রমিক, মালিক ও উভয় দেশের সরকারের দায়িত্ব বর্ণিত হয়েছে। নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল শ্রম অভিবাসনের লক্ষ্য অর্জনের বিষয়সমূহ বিবেচনায় রেখে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। স্মারক বাস্তবায়নের জন্য উভয় দেশের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এ কমিটিকে কয়েকটি সুনির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মী প্রেরণ প্রক্রিয়া পুনরায় শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন