
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় আগামী একমাসের জন্য পার্লামেন্ট স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। জোট সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে সৃষ্ট সংকটের মধ্যেই আজ শুক্রবার পার্লামেন্ট স্থগিতের এ ঘোষণা দিলেন সিরিসেনা। সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট ব্যর্থ হওয়া এবং নিজ দলের কয়েকজন মন্ত্রীর পদত্যাগের ঘোষণার পর এ পদক্ষেপ নেন তিনি। এদিকে প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা জানান, আগামী ৮ই মে পর্যন্ত পার্লামেন্ট স্থগিত থাকবে।
এ সময়ের মধ্যে কেবল আগামী বৃহস্পতিবার একটি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া, আগামী ২৩শে এপ্রিল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে বলেও জানানো হয়। গত ফেব্রুয়ারিতে, স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর থেকেই জোটের সদস্যদের সঙ্গে প্রেসিডেন্ট সিরিসেনার বিরোধ দেখা দেয়। এছাড়াও, গত কয়েক সপ্তাহে দেশের বেশকিছু সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থেকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ক্ষমতা হ্রাস করেন প্রেসিডেন্ট সিরিসেনা।