
আন্তর্জাতিক ডেস্কঃ সারা দেশে প্রতিবাদ ছড়িয়ে দেবে কংগ্রেস৷ এমনই দাবি হাত শিবিরের৷ শুক্রবার দলের তরফ থেকে বলা হয় শুধুমাত্র দিল্লি নয়, উন্নাও এবং কাঠুয়া গণধর্ষণের ঘটনার প্রতিবাদ করা হবে দেশ জুড়ে৷ দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে করা হবে মোমবাতি মিছিল৷ সেই মিছিলে হাঁটবেন কংগ্রেস কর্মী সমর্থকরা৷ ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে এই কর্মসূচি নিয়েছে জানা গিয়েছে৷ সারা দেশে ক্রমাগত নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলার প্রতিবাদে এই মিছিল হবে বলে জানানো হয়েছে৷
কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রতিটি রাজ্যের দলীয় সভাপতিকে এই নির্দেশ দিয়েছেন৷ গোটা বিষয়টির বাস্তবায়ন কীভাবে করতে হবে, তারও রূপরেখা বাতলে দিয়েছেন তিনি৷ প্রতিটি রাজ্যে এই ইস্যুকে তুলে ধরে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি৷ উন্নাও কাঠুরিয়ার ঘটনার প্রতিবাদে মধ্যরাতে জমায়েতের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মধ্যরাতে দিল্লির ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিলের নেতৃত্ব দেন তিনি৷ রাহুল গান্ধী সাথে মিছিলে ছিলেন সনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অনেক কংগ্রেস নেতা -নেত্রী সহ বহু সাধারণ মানুষ।
রাহুল গান্ধী বলেন, বেটি বাঁচাওয়ের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি মেয়েদের বাঁচানোর কাজটা শুরু করুন। দেশের মহিলারা সুরক্ষিত নন বলেও দাবি করেন কংগ্রেস সভাপতি রাহুল। তিনি আরও বলেন,নারীদের উপর যেভাবে আক্রমণ বাড়ছে, তা বন্ধ করতে সরকারকেই ব্যবস্থা নিতে হবে।