
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় গত সপ্তাহে রাসায়নিক হামলায় ৭০ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে যদি যুক্তরাষ্ট্র সেখানে সেনা অভিযান চালায়,তবে সেটার ভয়াবহ পরিণাম হবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। এমনকি এই ঘটনার জেরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধও লেগে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মস্কো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল বৃহস্পতিবার বলেছেন,যুদ্ধের বিপজ্জনক পরিস্থিতি প্রতিহত করাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শান্তিময় পরিবেশকে ঝুঁকির মুখে ফেলায় তিনি ওয়াশিংটনকে দায়ী করেছেন। তিনি আরো বলেন,পশ্চিমা দেশগুলো হামলার প্রস্তুতি নিচ্ছে। সিরিয়ার মিত্র দেশ হিসেবে রাশিয়া এ ধরনের ঘটনার বিরোধীতা করে।
এর আগে ট্রাম্প বলেছিলেন যে কোনো সময় সিরিয়ায় সামরিক অভিযান চালানো হবে। তার এ ধরনের কথার জবাবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল,মার্কিন ক্ষেপণাস্ত্র সিরিয়ার উদ্দেশ্যে নিক্ষেপ করা হলে তা ভূপাতিত করা হবে। ট্রাম্প পূনরায় বলেছিলেন,শিগগিরই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে,রাশিয়া পারলে যেন তাদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। যদিও পরে ট্রাম্প এক টুইটে জানান,তিনি নির্দিষ্ট করে বলেননি,কখন হামলা চালানো হবে। সেটা শিগগিরই হতে পারে আবার নাও হতে পারে।