
আন্তর্জাতিক ডেস্কঃ এয়ারবাসের সুপরিসর প্লেনে শত শ যাত্রীর আসনের ব্যবস্থা করা হয়। কিন্তু এত বিপুল মানুষের সবাই একই স্থানে বসে থাকা মোটেই সহজ কাজ নয়। আর তাই যাত্রীদের জন্য নিত্যনতুন কি ব্যবস্থা করা যায় তা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। তারই অংশ হিসেবে এবার ব্যবস্থা করা হয়েছে কেবিনের। যাত্রীদের জন্য এয়ারবাসের মালামাল রাখার স্থানেই কেবিন তৈরি করছে এয়ারবাস। আর এ৩৩০ মডেলের জেটে এই ব্যবস্থা করা হচ্ছে,যা বাস্তবে আকাশে উড়বে ২০২০ সালে। এয়ারবাস নতুন মডেলের এই বিমান নির্মাণের জন্য ফ্রান্সের জোডিয়াক এরোস্পেসের সঙ্গে একত্রিত হয়েছে। এয়ারলাইন্সগুলো ইচ্ছে করলে তাদের কার্গো রাখার স্থানে জিনিসপত্রের বদলে এ ধরনের কেবিনগুলো তৈরি করে নিতে পারবেন। এতে যাত্রীরা প্লেনের নিচতলার সেই কার্গো রাখার স্থানের কেবিনে বিশ্রাম নিতে বা ঘুমাতে পারবেন।
এয়ারবাসের পক্ষ থেকে বলা হয়েছে,তারা এ কেবিনগুলো সম্পর্কে ভালো মতামত পেয়েছেন। যাত্রীরা এ স্থানটি সম্পর্কে অত্যন্ত আগ্রহী হয়েছেন। কার্গো রাখার স্থানে এ কেবিনগুলো তৈরি করায় সেখানে জানালা থাকবে না। তবে ভবিষ্যতে জানালা যুক্ত করা যায় কি না,সে বিষয়টি তারা দেখবেন। এছাড়া জানালার বদলে উচ্চ রেজুলিশনের মনিটর যুক্ত করার বিষয়টিও তারা ভাবছেন। কেমন হবে সেই ঘুমানোর কেবিনগুলো? সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। তাতে দেখা যাচ্ছে সারি সারি বিছানা,খেলার স্থান,মিটিং রুম ও পারিবারিক স্থান। এই কার্গো স্থানের কেবিনগুলোর ভাড়া কত হবে এ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।