
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে পূর্ব গৌতার দৌমায় রাসায়নিক হামলার অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে দেশটিতে সামরিক অভিযানে অংশ নিতে যাচ্ছে সৌদি আরব। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। গত শনিবার রাশিয়ার মদদে সিরীয় সরকারি বাহিনীর হামলায় সিরিয়ার দৌমায় অন্তত ৭০ ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরো হাজারখানেক আহত হন। ওই হামলার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সিরিয়ায় সম্ভাব্য সামরিক হামলারও আভাস দেন তিনি।
তিন দিনের সফরে প্যারিসে থাকা মোহাম্মদ বিন সালমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে বলেন,যদি আমাদের অংশীদারদের সঙ্গে জোট প্রয়োজন মনে করে,তবে আমরা সিরিয়ায় যুদ্ধ করব। এর আগে,সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের সাংবাদিকদের বলেন,সিরিয়ায় রাসায়নিক হামলার কীভাবে জবাব দেওয়া হবে,তা নিয়ে কয়েকটি দেশের মধ্যে আলোচনা চলছে। তিনি বলেন,যারা ওই হামলার জন্য দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এদিকে,সিরিয়ায় সামরিক হামলায় সৌদি সরকার সরাসরি অংশ নিতে যাচ্ছে কি না,সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন আদেল আল জুবায়ের।