
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে কমেছে নিত্যপ্রয়োজনীয় পণ্য চিনির দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, গত মার্চ মাসে বিশ্ববাজারে চিনির দাম কমেছে ৩.৪ শতাংশ, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ২৭.৫ শতাংশ কম। ব্রাজিল, ভারতসহ বড় রপ্তানিকারক দেশগুলো থেকে সরবরাহ বাড়ায় নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম নিম্নমুখী রয়েছে বলে জানান বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।চিনির পাশাপাশি এ বছর গম ও ভুট্টার দামও কমতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি। সংস্থা আশা করে, এ বছর ভুট্টা ও গমের দাম কমবে। এ বছর গম উৎপাদন হবে ৭৫০ মিলিয়ন টন, যা ২০১৭ সালের রেকর্ড উৎপাদনের চেয়ে প্রায় ১ শতাংশ কম।
তবে চিনির দাম কমলেও গত মাসে বিশ্ববাজারে দুগ্ধপণ্যের দাম বেড়েছে ৩.৩ শতাংশ। এফএও জানায়, চাহিদা বাড়ায় বাটার, পনির ও গুঁড়া দুধের দাম বেড়েছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এফএও আরও জানায়, গত মাসে খাদ্যশস্য ও দুগ্ধপণ্যের দাম বাড়ায় সার্বিক বাজারে এর প্রভাব পড়েছে। মার্চে এফএওর খাদ্য সূচক ছিল ১৭২.৮ পয়েন্ট, যা ফেব্রুয়ারির তুলনায় ১.১ শতাংশ বেশি। এ ছাড়া এক বছর আগের একই সময়ের তুলনায় এ দাম ০.৭ শতাংশ বেশি। প্রতিবেদনে বলা হয়, গত মাসে চিনি ও ভোজ্য তেলের দাম কমলেও বেড়েছে ভুট্টা, গম ও বেশির ভাগ দুগ্ধপণ্যের দাম। সংস্থার পূর্বাভাসে বলা হয়, ২০১৭ সালে বিশ্বে খাদ্যশস্য উৎপাদন হয় ২.৬৪৬ বিলিয়ন টন, যা ২০১৬ সালের চেয়ে ৩৩ মিলিয়ন টন বেশি।