
আন্তর্জাতিক ডেস্কঃ সমালোচকদের মুখ বন্ধ করে জাভেদ আখতার পেলেন শান্তি দূত পুরস্কার। ভারতের বারাণসীর সংকট মোচন মন্দির জাভেদ আখতারকে শান্তি দূত পুরস্কারে সম্মানিত করল। গত শুক্রবার এই পুরস্কারটি গ্রহণ করেন তিনি। সমাজে শান্তির বার্তা দেওয়ার ক্ষেত্রে ব্যতিক্রমী কিছু করলে এই পুরস্কার দেওয়া হয়। শান্তি দূত পুরস্কার পাওয়ার পর জাভেদ আখতার বলেন,এই পুরস্কার পেয়ে আমি খুব আনন্দিত। গত ৬ এপ্রিল রাতে মন্দির থেকে ট্রফিটি নিয়ে এসেছি। এটি আমার জন্য অনেক বড় সম্মান। সংকট মোচন মন্দির দেশের হনুমান মন্দিরগুলির মধ্যে সবথেকে নাম করা। এক সপ্তাহব্যাপী সংগীত সমারোহ এই মন্দিরের ঐতিহ্য। ৯৫ বছর ধরে এটি হয়ে আসছে। কিন্তু,এই প্রথমবার মন্দিরের তরফ থেকে শান্তি দূত পুরস্কার দেওয়া হল। তিনি বলেন,এই হলো আমাদের ভারতের আসল রূপ। এখানে নানা ধর্ম বিশ্বাস পাশাপাশি বাস করে। আর এই একতার পথে অনেকে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু,শান্তির প্রচারকদের কাছে তারা হেরে যায়। এ বিষয়ে শাবানা আজমি বলেন,ভারতের অন্যতম বিখ্যাত মন্দিরের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হলো জাভেদকে। যারা ওর সমালোচনা করে এসেছে তারা যোগ্য জবাব পেল।