News71.com
 International
 09 Apr 18, 06:40 AM
 223           
 0
 09 Apr 18, 06:40 AM

প্রজন্ম থেকে প্রজন্ম ।। দলিত নির্যাতনের প্রতিবাদে অনশনের ডাক দিলেন কংগ্রেস সভাপতি রাহুল  

প্রজন্ম থেকে প্রজন্ম ।। দলিত নির্যাতনের প্রতিবাদে অনশনের ডাক দিলেন কংগ্রেস সভাপতি রাহুল   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রজন্ম বদলালেও চিন্তাধারা যে বদলায়নি,দেশজুড়ে অনশনের ডাক দিয়ে সেই বার্তাই তুলে ধরতে চাইলেন ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস এর সভাপতি রাহুল গান্ধী। বিজেপি যতই কংগ্রেসমুক্ত ভারতের কথা বলুক না কেন,তা যে সম্ভব নয়। সেকথা তুলে ধরতেই অক্লান্ত পরিশ্রম করছেন রাহুল। কংগ্রেস সভাপতি গোটা ভারতকে এই বার্তাই দিতে চান যে,তার দল আজও মহাত্মা গান্ধীর দেখানো পথেই চলছে। কখনও সত্যর পথে হাঁটার কথা বলে তো,কখনও অনশনের রাজনীতির মাধ্যমে আমজনতার মধ্যে কংগ্রেসের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে চাইছেন রাহুল। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে আমজনতাকে পরামর্শ দিয়েছেন কংগ্রেস সভাপতি। ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ১৯২৪-এর সেপ্টেম্বরে প্রথমবার ২১ দিনের জন্য অনশনে বসেছিলেন মহাত্মা। এরপর ১৯৪৮-এর জানুয়ারি মাসে যখন হিন্দু মুসলিম দাঙ্গা চরমে,তখন ছয় দিনের অনশন করেছিলেন মহাত্মা।

মানুষের মনে সেই অতীতের স্মৃতি জাগিয়ে তুলতে ৭০ বছর পর রাজঘাটকেই নিজের অনশনে বসার জায়গা হিসেবে বেছে নিলেন রাহুল। এর আগেও তিনি একাধিকবার ইংরেজ আমলের সঙ্গে বিজেপির তুলনা করেছেন। সরাসরি অভিযোগ করেছেন,বিজেপি ইংরেজদের মতোই ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে। একই সঙ্গে বিজেপিকে দলিত বিরোধী বলে উল্লেখ করেন রাহুল। দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে যে নির্যাতন চলছে,তার প্রতিবাদ জানাতেই রাহুল আজ সোমবার রাজঘাটে অনশন করবেন। তার নেতৃত্বে ভারতজুড়ে চলবে কংগ্রেসের এই অনশন। অন্যদিকে রাহুল দাবি করেছেন,২০১৯ লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্রে জিততে পারবেন না প্রধানমন্ত্রী।

রাহুল এদিন বেঙ্গালুরুতে এক জনসভায় আশ্বাস দেন,কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে কর্মসংস্থানের নিরিখে তারা চীনকে পেছনে ফেলার চেষ্টা করবেন। এ ব্যাপারে দেশের শিল্পমহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিল্পমহলকে আশ্বাস দেন,কংগ্রেস ক্ষমতায় ফিরলে ব্যবসার পথ অনেক সহজ করা হবে। কংগ্রেস শিগগির একটি জাতীয় কর্মসূচি তৈরি করবে বলেও রাহুল জানান। পরের লোকসভা নির্বাচনে কংগ্রেসই কেন্দ্রে সরকার গঠন করবে,এমনও আশ্বাস দিয়েছেন কংগ্রেস সভাপতি। বিজেপি শাসিত রাজ্যগুলিতেও কংগ্রেস ক্ষমতায় ফিরবে বলে রাহুল দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন