
আন্তর্জাতিক ডেস্কঃ আবারো বিশ্বের কয়েকটি দেশে ভয়াবহ সাইবার হামলা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র,চীন ও ভারতের কম্পিউটারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে,বিভিন্ন দেশের অন্তত ২ লাখ রাউটার আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সাইবার হামলায় ইরানের ডেটা সেন্টারও আক্রান্ত হয়। ডেটা সেন্টারের ওয়েবসাইট হ্যাক করে মার্কিন পতাকা রেখে সেখানে হুমকি দেওয়া হয়,আমাদের নির্বাচনে বিশৃঙ্খলা করো না। জানা গেছে,নতুন এই সাইবার হামলায় বিশ্বের প্রায় ২ লাখ রাউটার ও ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের ৫৫ হাজার ডিভাইস এবং চীনের ১৪ হাজার ডিভাইস আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়েছে ইরানের ৩৫০০ সুইচ।
এ বিষয়ে ইরানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি-জাহরোমি জানান,হ্যাকাররা তাদের বেশ কয়েকটি সাইটে গত শুক্রবার রাতে হামলা চালায়। প্রায় কয়েক ঘণ্টাব্যাপী বিভিন্ন নেটওয়ার্ক সাইট বন্ধ করে দেয়। তিনি জানান, হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ,ভারত ও যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত,হ্যাকাররা গত বছরের জানুয়ারিতে বিশ্বের প্রায় ২০০টি দেশ সাইবার হামলা চালায়। সে সময় বেশ কয়েকটি দেশে একই সঙ্গে সাইবার আক্রমণ চালানো হয়েছিল।