
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কলকাতায় বড়বাজার এলাকা থেকে ১০ কেজি স্বর্ণসহ তিনজনকে গ্রেফতার করেছে দেশটির শুল্ক দফতর, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানা গেছে।দেশটির শুল্ক দফতর জানায়, পশ্চিমবঙ্গের জেলা বর্ধমান থেকে কলকাতায় আসার সময় এই তিন পাচারকারীকে ধরা হয়। বাংলাদেশ থেকে চোরাপথে কলকাতার বড়বাজারের ব্যবসায়ীদের কাছে নেয়া হচ্ছিল এই স্বর্ণ।গোপন সূত্রে শুল্ক দফতরের কর্মকর্তাদের কাছে খবর আসায় তারা তল্লাশি শুরু করেন বর্ধমান এলাকায় এবং সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করে। তাদের ব্যাগের ভেতর থেকে ১০ কেজি স্বর্ণ পাওয়া যায়। এই স্বর্ণ পাচারকারীদের সঙ্গে আরও কোনো বড় চক্রের যোগাযোগ আছে কি না তার খোঁজখবর শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা।
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী কর্মকর্তারা গোপন সূত্রে খবর পেয়ে অনেকদিন ধরেই ওঁৎ পেতে ছিলেন স্বর্ণ চোরাকারবারীদের ধরতে। বিভিন্ন দেশ থেকে এই রাজ্যে চোরাপথে স্বর্ণ আসছে একথাও তারা জানতে পারেন বলে জানিয়েছেন। এর আগেও কয়েক লাখ টাকার সোনা উদ্ধার হয়েছে পশিচমবঙ্গে। অনেককেই গ্রেফতারও করা হয়েছে এবং তদন্তকারীরা তাদের কাছ থেকে জানতে পেরেছেন যে, স্বর্ণের চাহিদা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই।কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকেই চোরাকারবারীরা স্বর্ণ নিয়ে উত্তর ২৪ পরগনা ও শিলিগুড়ি দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে। আর বড়বাজারের বড় বড় ব্যাবসায়ীরা এদের কাছ থেকে স্বর্ণ কিনছেন। এতে প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে সরকারের।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা জানতে পেরেছেন, এসব স্বর্ণ কেনা-বেচা হচ্ছে কালো টাকা দিয়ে। স্থলপথে স্বর্ণ নিয়ে যাওয়া হচ্ছে ভারতের অন্য রাজ্যেও। ভারতে নোট বাতিলের পর চোরাপথে স্বর্ণ আসা বেড়ে গেছে।