
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের বেশ কিছু শহরে অত্যাধুনিক প্রযুক্তির সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ক্যামেরাগুলো এতই শক্তিশালী যে তা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে যে কোনো ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হচ্ছে। এমনকি তাৎক্ষণিকভাবে সে ব্যক্তির যাবতীয় তথ্যও পেয়ে যাচ্ছে পুলিশ। ফলে জরিমানাও করা হচ্ছে অত্যন্ত দ্রুতগতিতে। আপাতত এ প্রযুক্তি ব্যবহার করে রাস্তাঘাটের নিয়ম ভাঙার শাস্তি দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে চীনের শেনজেন শহরে। শহরটিতে যেখানে-সেখানে রাস্তা পারাপার হওয়ার মতো ছোটখাট নিয়ম ভাঙলেও তাকে ধরতে পারছে ফেস রিকগনিশন প্রযুক্তি। এরপর সে ব্যক্তির পরিচয় ডেটাবেজ থেকে নিয়ে তা বড় স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি তাকে শাস্তিও দেওয়া হচ্ছে।
যে প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত এই সেবা দিচ্ছে,তারা জানিয়েছে এ ব্যবস্থায় প্রযুক্তিগত আরো কিছু উন্নতি করা হচ্ছে। এতে ভবিষ্যতে কেউ ঠিক জায়গা দিয়ে রাস্তা পার না হলে কিংবা রাস্তায় চলাচলের আইন ভাঙলেই সঙ্গে সঙ্গে তাকে জরিমানার পাশাপাশি মোবাইল ফোন ও ইনস্ট্যান্ট মেসেঞ্জারের মাধ্যমে সতর্ক করে দেওয়া যাবে। রাস্তায় খেয়াল না করে করে যেখানে সেখানে পারাপার হওয়া বা যত্রতত্র হাঁটাহাঁটি করা চীনের একটি বড় সমস্যা। তবে এবার প্রযুক্তিগত উন্নয়নের ফলে সে সমস্যা অনেকাংশেই কেটে যাবে বলে আশাবাদি সংশ্লিষ্টরা।