News71.com
 International
 29 Mar 18, 11:27 AM
 180           
 0
 29 Mar 18, 11:27 AM

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মার্কিন ডেস্ট্রয়ারের টহল ।। চীনের প্রতিবাদ  

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে মার্কিন ডেস্ট্রয়ারের টহল ।। চীনের প্রতিবাদ   

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক। আর তারই জের ধরে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনের নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জের কাছ দিয়ে একটি মার্কিন ডেস্ট্রয়ারের টহল দেওয়ার ঘটনাকে মারাত্মক উস্কানি বলে অভিহিত করেছে বেইজিং। দেশটির দাবি,এই ধরনের সমারিক তৎপরতা চীনের ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তা’র প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এ ব্যাপারে চীনা পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন,মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস মাস্টিন বিতর্কিত জলসীমায় প্রবেশ করে। সেই সময় দু’টি চীনা যুদ্ধজাহাজ মার্কিন ডেস্ট্রয়ারকে সতর্ক করে দেয়। তবে এই ঘটনা ঠিক কোন জলসীমায় ঘটেছে চীন তা জানায়নি। তবে বলা হয়েছে,স্পার্টলি দ্বীপপুঞ্চের মিসচিফ রিফের ১২ নটিক্যাল মাইলের মধ্যদিয়ে মার্কিন ডেস্ট্রয়ার চলে গেছে। স্পার্টলি দ্বীপপুঞ্জকে চীনে নানশা নামে অভিহিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে,দক্ষিণ চীন সাগরের এই দ্বীপপুঞ্জ ও এর আশপাশের জলসীমার ওপর বেইজিংয়ের সন্দেহাতীত সার্বভৌমত্ব রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়,বেইজিংয়ের অনুমতি না নিয়ে ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষতি করেছে,আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আইন লঙ্ঘন করেছে এবং সার্বিকভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করেছে। প্রসঙ্গত,চীন ও আমেরিকার মধ্যে যখন কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং দেশ দু’টি বাণিজ্য যুদ্ধের প্রাপ্তসীমায় পৌঁছে গেছে বলে মনে করা হচ্ছে তখন এই হুঁশিয়ারি দিল বেইজিং। উল্লেখ্য,খনিজ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে ভিয়েতনাম,তাইওয়ান,ফিলিপাইন,মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের সীমানা বিরোধ চলছে। এই বিরোধে চীন বিরোধী দেশগুলোর পক্ষ নিয়েছে আমেরিকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন