
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্ব ঘৌটা থেকে অন্তত ছয় হাজার সাতশ ৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে,আজ মঙ্গলবার সকাল থেকে একশ বাসে করে তাদের সরিয়ে নেওয়া হয়। এর আগে আরো ছয় হাজার মানুষকে হারাস্তা শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্রোহী গ্রুপ আহার আল-শামের দখলে রয়েছে ওই এলাকা। জানা গেছে, নিজের থেকেই ওই এলাকা ছেড়ে পায়ে হেঁটে আরো বহু মানুষ অন্য জায়গায় চলে গেছেন। রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে গত সপ্তাহে চুক্তি হয় বিদ্রোহী গোষ্ঠীর। সে মোতাবেক ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তবে পূর্ব ঘৌটার দৌমা এলাকায় অন্তত এক লাখ ৪০ হাজার বাসিন্দার বসবাস। সেখানকার বিদ্রোহীরা আত্মসমর্পণ করতে রাজি হয়নি।