
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ভনুকভো আন্তর্জাতিক বিমানবন্দরের ২৫ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ। ভনুকভো দেশটির রাজধানী মস্কোর শীর্ষ চার বিমানবন্দরের একটি।এয়ারওয়েজের জাতীয় পরিবহণের প্রধান নির্বাহী আকবার আল বাকের গতকাল সোমবার এই ঘোষণা দিয়েছে।মস্কোতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির এক সংক্ষিপ্ত সফরের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হলো। তবে চুক্তিটির আর্থিক বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
কাতার এয়ারওয়েজের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান,গতকাল সোমবার কিছু শেয়ার কেনার ব্যাপারে সমঝোতা স্মারক সই হয়েছে।আগামী ৮ সপ্তাহের মধ্যে চুক্তিটি কার্যকর হবে।মস্কো শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ভনুকভো বিমানবন্দরটি যাত্রী পরিবহণের দিক দিয়ে রাশিয়ার তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর।এমাসেই আল বাকের বলেছিলেন, আঞ্চলিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বর্তমান অর্থ বছরে বড় ধরনের লোকসানের মুখে পড়তে যাচ্ছে কাতার এয়ারওয়েজ।গত বছরের জুনে সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে সৌদি আররেব নেতৃত্বে কাতারের ওপর অবরোধ আরোপ করে আরব আমিরাত, বাহরাইন ও মিসর। এরপর কাতার এয়ারওয়েজ মধ্যপ্রাচ্যের ১৮টি শহরে প্রবেশ ও ব্যবসা করার অনুমতি হারায়।গতকাল সোমবার কাতারের আমির আল থানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে এক বৈঠক করেন। সেখানে তাদের মধ্যে ইয়েমেন ও সিরিয়ার যুদ্ধ ও ফিলিস্তিনের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে আশা করা হচ্ছে। আল থানির সফরের সময়ই বিমানবন্দরের শেয়ার কেনার বিষয়ে চুক্তি সম্পন্ন হয়।