
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব এবং ইরানের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনার মাত্রা বাড়লেও,দেশ দুটির মধ্যে বৈরিতার ইতিহাস বেশ পুরনো। মধ্যপ্রাচ্যে এবং বাইরে দুটি দেশেরই রয়েছে প্রভাবশালী নিজস্ব বন্ধু এবং শত্রুর আলাদা বলয়। তাই প্রতিনিয়ত দেশ দুটির মধ্যে কথার লড়াই চলতেই থাকে। সৌদি আরবকে সন্ত্রাসবাদের প্রধান উৎস বলে মন্তব্য করেছে ইরান বলেছে,মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী সন্ত্রাস, নিরাপত্তাহীনতা, উগ্রবাদ ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার প্রধান উৎস সৌদি আরব। যুক্তরাষ্ট্র সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তেহরান এ মন্তব্য করেছে। জুবায়ের গত বৃহস্পতিবার ব্রুকিংস ইনস্টিটিউটে দেয়া বক্তব্যে ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করে দাবি করেন,ইরান মধ্যপ্রাচ্যের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করছে। একমাত্র রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান করা সম্ভব।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে বরাবরের মতো কপট,বাস্তবতা বিবর্জিত ও প্রকৃত সত্য আড়াল করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি বলেন,সৌদি কর্মকর্তারা এর আগেও এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। কাসেমি বলেন,আদেল আল-জুবায়ের এমন সময় ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানের দাবি জানালেন,যখন গত তিন বছর ধরে ইরানের একই ধরনের দাবির জবাব বোমা ও আগুন দিয়ে দিয়েছে সৌদি আরব।