
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাবেক দূত জন বোল্টনের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এক টুইটার বার্তায় বোল্টনের নাম ঘোষণা করেন তিনি। জন বোল্টন বিদায়ী সামরিক জেনারেল এইচআর ম্যাকমাস্টারের স্থলাভিষিক্ত হচ্ছেন। টুইটার বার্তায় ট্রাম্প বলেন,আমি আনন্দের সাথে জানাচ্ছি যে জন বোল্টন হবেন আমার নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি ০৪/০৯/১৮ সাল থেকে এ পদে তার দায়িত্ব পালন করবেন। ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরিয়ে দেয়ার মাত্র কয়েকদিন পর এমন ঘোষণা দিলেন।
ওই টুইটার বার্তায় ট্রাম্প আরও বলেন,জেনারেল এইচআর ম্যাকমাস্টারের দায়িত্বের জন্য আমি অনেক কৃতজ্ঞ। তিনি অনেক নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। ম্যাকমাস্টার সব সময় আমার বন্ধু হয়ে থাকবেন। উল্লেখ্ , ম্যাকমাস্টার এ বছরের শেষের দিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন বলে ধারণা করা হচ্ছে। ফলে তার চলে যাওয়া আকস্মিক কিছু নয়।