
আন্তর্জাতিক ডেস্কঃ এক গুরুত্বপূর্ণ অস্ত্র পাকিস্তানের হাতে তুলে দিল চীন। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের ওয়েবসাইটে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। আর এর ফলে পাকিস্তান সামরিক শক্তিতে কিছুটা বাড়তি শক্তি পেল,সেকথা বলাই বাহুল্য। এক শক্তিশালী ট্র্যাকিং সিস্টেম পাকিস্তানকে দিয়েছে চীন। এর জেরে আগামীদিনে পাকিস্তান সহজেই মাল্টি ওয়ারহেড মিসাইল ব্যবহার করতে পারবে। এই প্রথমবার চীন কোনও দেশকে এমন একটি স্পর্শকাতর অস্ত্র তুলে দিল। চীনের সামরিক বিশেষজ্ঞ ঝেং মেংউই এই কথার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন,পাকিস্তান সত্যিই একটি সফিসটিকেটেড অপটিক্যাল ট্র্যাকিং ও মেজারমেন্ট সিস্টেম কিনেছে চীনের কাছ থেকে।
সম্প্রতি,পাকিস্তানি সামরিক বাহিনী ফায়ারিং রেঞ্জে মোতায়েন করেছে সেই সিস্টেম। এই সিস্টেম অ্যাসিম্বল করতে ও পাকিস্তানি অফিসারদের এই সিস্টেমের ব্যাপারে ট্রেনিং দিতে তিনমাস পাকিস্তানে ছিল চীনের সেনা কর্মকর্তারা। পাকিস্তানের ঘরে তৈরি সিস্টেমের থেকে এটা অনেক বেশি জটিল। এতে রয়েছে দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ,হাই স্পিড ক্যামেরা, ইনফ্রারেড ডিটেক্টর, সেন্ট্রালাইজড কম্পিউটার সিস্টেম। মিসাইল লঞ্চ করলে তার প্রত্যেকটা ধাপ ধরা পড়বে ওই ক্যামেরায়। টেলিস্কোপটাই হল এর আসল বৈশিষ্ট্য। কয়েকশ কিলোমিটার দূরে থাকা অবস্থাতেও এতে ধরা পড়বে ছবি। এতে থাকছে অ্যাটমিক ক্লক। এর সাহায্য বিভিন্ন দিক থেকে ওয়ারহেডে চোখ রাখা যাবে। ফলে টার্গেট মিস হওয়ার কোনও সম্ভাবনা থাকবে না।