
আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠি বোকো হারাম ১১০ জন স্কুলবালিকাকে অপহরন করেছিল। এদের মধ্যে ১০১ জন মুক্তি পেয়েছে। আজ বুধবার ভোরে জঙ্গিরা তাদেরকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে যায়। জঙ্গিদের সঙ্গে সরকারের গোপন সমঝোতার ভিত্তিতে তারা মুক্তি পেয়েছে। বাকি ৯ জনের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। গত ১৯ ফেব্রুয়ারি একদল বোকো হারাম জঙ্গি দাপচি শহরটিতে হামলা চালায়। এক পর্যায়ে সন্ধ্যার দিকে স্কুলটির ১১০ জন ছাত্রীকে তুলে নিয়ে যায়। অপহৃতরা সবাই দাপচি হাইস্কুলের ছাত্রী। জানা গেছে,ছাত্রীদের জীবিত উদ্ধারের জন্য সরকার সামরিক অভিযানের পথ বেছে না নিয়ে জঙ্গিদের সঙ্গে গোপন সমঝোতা শুরু করে। এর অংশ হিসেবে জঙ্গিবিরোধী সব অভিযান বন্ধ রাখা হয়। সরকারের গোপন এই সমঝোতা ইতিবাচক ফলও দেয়। বাদবাকি ছাত্রীরা এরই মধ্যে জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তবে,আজ বুধবার নাইজেরীয় সরকারের তথ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে ওই ছাত্রীদের ব্যাপারে কিছুই বলা হয়নি।