
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টারকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন। এমনটা ঘটলে হোয়াইট হাউসের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একের পর এক চলে যাওয়ার ক্ষেত্রে এটি হবে সর্বশেষ ঘটনা।খবরে বলা হয়, কাকে ম্যাকমাস্টারের স্থলাভিষিক্ত করা যায় সেটি নিয়ে আলোচনা করছেন ট্রাম্প। তবে এক্ষেত্রে অপমানকর অবস্থা এড়াতে তিনি সময় নিতে যাচ্ছেন।প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে রেক্স টিলারসনকে সরিয়ে দেয়ার মাত্র দু’দিন পর এ খবর আসলো।এদিকে এ মাসের গোড়ার দিকে ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারিকন পদত্যাগ করেন। এছাড়াও ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউসের অন্যান্য শীর্ষ কর্মকতাদের মধ্যে তার প্রধান কৌশলবিদ, চিফ অব স্টাফ এবং তার প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে চলে যেতে দেখা যায়।