
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় সন্ত্রাসবাদী অপপ্রচারের অভিযোগে ৬৬৬ জনকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরদার অভিযানের বিষয়ে এই অপপ্রচারের অভিযোগে তাদের আটক করা হয়। সপ্তাহজুড়ে বিভিন্ন স্থানে অভিযানে এদের আটক করা হয় বলে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,বিদ্রোহীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোয় এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে ৪৭৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া তুরস্কের অভিযানবিরোধী একটি বিক্ষোভে অংশ নেওয়ায় ১৯২ সন্দেহভাজনকেও আটক করা হয়েছে। বলা হয়েছে,ওই অভিযান শুরুর পর থেকেই তুরস্কের কুর্দিপন্থি রাজনৈতিক দল ও অন্যান্যরা রাষ্ট্রবিরোধী অপপ্রচার শুরু করেছে। এই অপপ্রচার থামাতে ৫ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ৫৩টি অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬৬৬ জনকে ধরার পাশাপাশি ২৫ জনকে উৎখাত করা হয়েছে। এদিকে তুরস্কের ক্ষমতাসীনদের সমালোচকরা বলছে, অপপ্রচারের জন্য আঙ্কারা সরকার কুর্দিপন্থি পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) নেতা পারভীন বুলদান ও সিরি সুরেয়া ওনদারকেও সন্দেহভাজন তালিকায় রেখেছে। ওই অভিযানের প্রথম থেকেই বিরোধিতা করে আসছে এইচডিপি।