
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সেরা অর্থমন্ত্রীর খেতাব পেলেন ইন্দোনেশিয়ার নারী অর্থমন্ত্রী শ্রী মুলায়নি। আজ সোমবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলনের ষষ্ঠ বার্ষিকীর অনুষ্ঠানে তার হাতে বিশ্ব সেরা অর্থমন্ত্রীর পদক তুলে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।এর আগে বিশ্বের সেরা অর্থমন্ত্রী বেছে নিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে পদকপ্রদান কমিটি গঠন করা হয়। কমিটি বলছে, শ্রী মুলায়নির মেয়াদে ইন্দোনেশিয়া দারিদ্র্য কমিয়ে আনতে বাস্তব ফল অর্জন, জীবিকার মান উন্নয়ন, সরকারি ঋণ হ্রাস ও সরকারি লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করেছে।দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সরকারের স্বচ্ছতা বৃদ্ধির প্রচেষ্টা’ চালানোর জন্যও স্বীকৃতি পেয়েছেন তিনি।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর শাসনামলে ২০১৬ দেশটির অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন শ্রী মুলায়নি। এর আগে বিশ্ব ব্যাংকের ব্যববস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি।এছাড়া ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্তও দেশটির অর্থমন্ত্রী ছিলেন তিনি।ওই সময় বৈশ্বিক অর্থনৈতিক সংকট দেখা দিলেও ইন্দোনেশিয়ার অর্থনীতির চাকা শক্ত হাতে পরিচালনা করেন মুলায়নি।