News71.com
 International
 11 Sep 17, 12:04 PM
 216           
 0
 11 Sep 17, 12:04 PM

ভারতে ভন্ড ধর্মগুরুদেব তালিকা তৈরি করছে অখিল ভারতীয় আখড়া পরিষদ।।    

ভারতে ভন্ড ধর্মগুরুদেব তালিকা তৈরি করছে অখিল ভারতীয় আখড়া পরিষদ।।      

আন্তর্জাতিক ডেস্কঃ ফাঁস হচ্ছে একের পর এক স্বঘোষিত বাবা’দের অপকর্ম। আসারাম বাপু,নারায়ণ সাই,রামপাল,গুরমিত রাম রহিম। প্রতিদিনই লম্বা হচ্ছে তালিকাটি। তাই অসাধু বাবাদের ‘কালো তালিকা’ ভুক্ত করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল অখিল ভারতীয় আখড়া পরিষদ। তালিকায় প্রাথমিক ভাবে ১৪ জন ভুয়া বাবা’র নাম এই তালিকায় রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি,এ দিনই বাবাদের চেনাতে পরিচয়পত্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে সন্ন্যাসীদের এই সংগঠনটি। পরিষদের সভাপতি স্বামী নরেন্দ্র গিরি গতকাল রবিবার জানিয়েছেন,বেশ কিছুদিন ধরেই এই ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ জমা হচ্ছিল। যাতে সাধারণ মানুষ ওই সব ভুয়া বাবাদের ফাঁদে না পড়েন সে জন্যই এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় বাপু,গুরমিত,সাই,রামপালের নাম রয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে পরিষদ।

এর পরই আমজনতার প্রতি আবেদন জানিয়ে গিরি বলেছেন,সবাইকে অনুরোধ করব,কোন সাধুর কাছে যাওয়ার আগে যেন তার সম্পর্কে ভাল ভাবে খোঁজ নিয়ে নেন। যদি সংশ্লিষ্ট সাধুর বিরুদ্ধে কোন অভিযোগ বা তার কাজকর্মের বিষয়ে সন্দেহজনক কিছু দেখেন,তাহলে পরিষদে বিষয়টা যেন জানানো হয়। আসারাম,রাম রহিমের মতো স্বঘোষিত বাবাদের যৌন কেলেঙ্কারি বা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে আসায় অস্বস্তি বেড়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের। কারণ এই সব বাবাদের অনেকের সঙ্গেই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সু-সম্পর্ক নানা ভাবে প্রকাশিত। পরিস্থিতির চাপে এ দিনই সঠিক ‘বাবা’ চেনাতে আই কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারতীয় আখড়া পরিষদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন