
আন্তর্জাতিক ডেস্কঃ বিমানে অভদ্র আচরণ করলে যাত্রীদের ওপর তিন মাস থেকে আজীবন নিষিদ্ধ করা হবে বলে জানাল ভারত সরকার। বেসামরিক পরিবহন মন্ত্রণালয় যাত্রীদের অভদ্র আচরণকে তিনটি ভাগে ভাগ করে গুরুত্ব অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ এ কথা জানিয়েছেন। তাঁরা বলেছেন,প্রথম পর্যায়ে রয়েছে মৌখিক হেনস্থা। এক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীর বিমানে চড়ার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। দ্বিতীয় পর্যায়ে শারিরীক নিগ্রহ সংক্রান্ত আচরণের জন্য সংশ্লিষ্ট যাত্রীকে ছয় মাসের নিষিদ্ধ করা হবে। তৃতীয় পর্যায়ে রয়েছে জীবনের ঝুঁকিপূর্ণ অভব্য আচরণ। এক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীকে আজীবন বা দুই বছর বা অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হবে।
উল্লেখ্য,সম্প্রতি বিমান যাত্রীদের বিভিন্ন অভদ্র আচরণের অভিযোগ উঠেছে। এর মধ্যে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের বিরুদ্ধে এয়ার ইন্ডিয়ার কর্মীকে চপ্পল দিয়ে মারধরের অভিযোগ উঠেছিল। এ সব ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষে যাত্রীদের অভব্য আচরণ রুখতে এই পদক্ষেপ গ্রহণ করা হলো। মন্ত্রণালয় যে ব্যবস্থাপনার কথা বলেছে,তা অনুসারে কোনো বিমানের পাইলট-ইন-কম্যান্ড কোনো যাত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানোর পর বিমান পরিবহন সংস্থার অভ্যন্তরীণ কমিটি বিষয়টি তদন্ত করবে। সংশ্লিষ্ট যাত্রীকে কতদিনের জন্য নিষিদ্ধ করা হবে,তা নিয়ে কমিটিকে এক মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ের মধ্যে কমিটি কোনো সিদ্ধান্ত না জানালে ওই যাত্রী ছাড় পেয়ে যাবেন।