
আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার পেনাং প্রদেশে একটি নির্মাণাধীন বাড়ি থেকে মো. সিরাজ (২২) নামের এক বাংলাদেশি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেল আড়াইটার দিকে ওই প্রদেশের কাম্পুং সেলামাত এর একটি নির্মাণাধীন বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়,ওই নির্মাণাধীন ভবনটিতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের শ্রমিকরা কাজ করতেন। গতকাল বুধবার নিহত বাংলাদেশি মো. সিরাজ তারই রুমমেট আরেক বাংলাদেশির সঙ্গে ঘরের ভেতর থাকা (এক্সটেনশন কর্ড) নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সিরাজকে বুকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা স্থানীয় হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে,ঘটনার প্রাথমিক তদন্তের পর সন্দেহভাজন ৩০ বছর বয়সী এক বাংলাদেশিকে ওই নির্মাণাধীন ভবন থেকে আটক করা হয়। তবে,তদন্তের স্বার্থে আটক বাংলাদেশির পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি মালয়েশীয় পুলিশ।