
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কর্ণাটকে হিন্দুত্ববাদ-বিরোধী এক সিনিয়র সাংবাদিককে গুলি করেছে দুর্বৃত্তরা। নিহত ওই সাংবাদিকের নাম গৌরী লঙ্কেশ। গতকাল মঙ্গলবার রাতে বেঙ্গালুরুতে নিজ বাড়ির সামনেই দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। গৌরী লঙ্কেশ ঘোষিতভাবেই হিন্দু দক্ষিণপন্থীদের সমালোচক ছিলেন। সুত্র জানায়, গৌরী লংকেশ বাইরে থেকে এসে কেবল ঘরে ঢুকছিলেন। ঠিক সেই সময় অজ্ঞাত ব্যক্তিরা তাকে গুলি করে। তার শরীরে তিনটি ও কপালে একটি গুলি লাগে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সুনীল কুমার জানান,গতকাল মঙ্গলবার রাতে যখন তিনি বাড়ি ফিরছিলেন,তখন বাড়ির ঠিক সামনেই গুলি চালানো হয়। ঠিক কী কারণে এই হামলা হয়েছে,তা এখনই বলা যাচ্ছে না। গৌরী লংকেশকে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গৌরী লঙ্কেশের হত্যায় দুঃখ প্রকাশ করে টুইট করেন। মমতা তার ট্যুইট বার্তায় লিখেছেন 'ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। খুবই ভীতিকর। আমরা বিচার চাই'।