
আন্তর্জাতিক ডেস্কঃ ঘূর্ণিঝড় লিডিয়ার তাণ্ডবে মেক্সিকোয় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। মেক্সিকোর বিভিন্ন অঞ্চল এবং ক্যালিফোর্নিয়া উপদ্বীপে লিডিয়ার জেরে চলছে তুমুল ঝড়বৃষ্টি। বহু জায়গায় বান এসেছে। বন্ধ রয়েছে মেক্সিকো সিটির বিমানবন্দর । গত শুক্রবার মেক্সিকোর জনপ্রিয় পর্যটনকেন্দ্র লস ক্যাবোসে আছড়ে পড়ে লিডিয়া। ওই দিনই ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ভূমিতে আছড়ে পড়ার পর বাজা ক্যালিফোর্নিয়ার এগোতে থাকা লিডিয়ার শক্তি ক্রমশ কমছে বলে জানিয়েছে আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর। বর্তমানে লিডিয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার ।
আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন আগামী সপ্তাহের মধ্যেই আরও দুর্বল হয়ে পড়বে লিডিয়া। তবে আটলান্টিকের উপর ক্রমশ ঘনীভূত হতে থাকা ক্যাটাগরি থ্রি হারিকেন ইরমা কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে আবহাওয়াবিদদের। আগামী সপ্তাহের মধ্যে ক্যারিবীয় দ্বীপের দিকে এগিয়ে আসতে পারে ইরমা ।