
আন্তর্জাতিক ডেস্কঃস্কুল বাঁচাতে ১০ কেজির বোমা কাঁধে নিয়ে দৌড়ালেন এক পুলিশ কনস্টেবল। এ ঘটনাটা অনেকটা শুনলে চোখের সামনে সানি দেওয়াল বা সঞ্জয় দত্তের কথাই প্রথমে মনে পড়বে। সে রকমই বটে। এ ঘটনাটি ঘটেছে ভারতের ভোপালের চিতোরা গ্রামে। গত শুক্রবার সকালে নির্ধারিত সময়েই শুরু হয়েছিল স্কুলটি। ক্লাস শুরুর কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে জানায় সেখানে বোমা রয়েছে, এখনই স্কুল ছুটি দিয়ে দিন। সেই মতো কাজও করেন প্রধান শিক্ষক। তল্লাশি চালাতে গিয়ে পুলিশের নজরে আসে ১০ কেজি ওজনের একটি বোমা। কিন্তু তখনও পুরোপুরি স্কুল খালি হয়নি। বিস্ফোরণ ঘটলে বিপদ বাড়বে এই আশঙ্কায় হেড কনস্টেবল অভিষেক পাটেল সেটি কাঁধে নিয়ে দৌড়াতে শুরু করেন। প্রায় ১ কিলোমিটার দৌড়ে ফাঁকা জায়গায় বোমাটি রাখেন তিনি। এবং সেখানে বিস্ফোরণ ঘটনানো হয় সেটির।
পুলিশ কনস্টেবল অভিষেক পাটেলের সেই দৌড়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেটা দেখলে নিঃসন্দেহে মনে পড়ে যাবে বিখ্যাত হলিউড ফিল্ম ফরেস্ট গামের কথা। এভাবেই যেন দৌড়েছিলেন বিখ্যাত হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস। স্কুলে বোমা রাখার খবর সেনাবাহিনীর তরফ থেকেই পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন সাগর সতীশ সাক্সেনা। তিনি বলেন, গ্রামের কাছেই রয়েছে সেনাবাহিনীর শ্যুটিং রেঞ্জ। তারাই প্রথম খবরটি দেন। তবে কে বা কারা সেটি রেখেছিল তা এখনও তদন্ত সাপেক্ষ। এ ঘটনার আসল হিরো কনস্টেবল অভিষেক পাটেল জানিয়েছেন, কয়েকদিন আগে এ রকমই একটি অভিযানে গিয়েছিলেন তিনি। সেখানে বোমাটি ফেটে যায়। প্রায় ৫০০ মিটার পর্যন্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এবারও সেটা ঘটতে পারে এমন আশঙ্কাতেই এই কাজটি তিনি করেছেন বলে জানিয়েছেন তিনি।