
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নাগরিকত্ব দেয়ার পথ সুগম করতে একটি আন্তর্জাতিক কমিশন মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।তারা রোহিঙ্গাদের অবাধ চলাচলের স্বাধীনতাও প্রদান করতে বলেছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান এই কমিশনের প্রধান। মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতা চালাচ্ছে এই অভিযোগের পটভূমিতে মিয়ানমারের নেত্রী অঙ সান সুচি এই কমিশন গঠন করেন।কমিশন তার রিপোর্টে রোহিঙ্গাদের বিশ্বের সর্ববৃহৎ দেশহীন সম্প্রদায় বলে বর্ণনা করেছে।এতে সতর্ক করে বলা হয়েছে, রোহিঙ্গাদের ওপর আরোপ করা নানা ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে রোহিঙ্গা এবং সংখ্যাগুরু বৌদ্ধ জনগোষ্ঠী উভয়েই কট্টরপন্থার পথে ধাবিত হতে পারে।
রাখাইন রাজ্যে সেনা অভিযানে ব্যাপকহারে নির্যাতন, হত্যা এবং ধর্ষণের অভিযোগ ওঠার পর ৮৭ হাজারেরও বেশি রোহিঙ্গা দেশ ত্যাগ করতে বাধ্য হন।এর আগে সেনাবাহিনী বলেছিল যে রাখাইনে হত্যা, ধর্ষণ বা নির্যাতনের অভিযোগের বিষয়ে তারা নিজস্ব তদন্ত পরিচালনা করেছে এবং রোহিঙ্গা জাতিগত সংখ্যালঘুদের ওপর গুরুতর নির্যাতনের যে অভিযোগ উঠেছিল তা সব হয় মিথ্যা না-হয় ভ্রান্ত।মিয়ানমার সেনাবাহিনী গত ফেব্রুয়ারি মাসে এ বিষয়ে তদন্ত শুরু করে। বার্মিজ সেনা তদন্ত কমিশন লোক দেখানো তদন্ত করে রোহিঙ্গা সম্প্রদায়ের নারীদের ব্যাপকহারে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠার পর জাতিসংঘের একে 'মানবতার বিরুদ্ধে অপরাধ' বর্ননাকে ভিত্তিহীন বলে অভিহিত করেন । যদিও ঘটনার বিষয়ে অনুসন্ধানের জন্য জাতিসংঘের স্বাধীন তদন্ত দল পাঠানোর প্রচেষ্টাও অঙ সান সুচির বাধার কারণে আটকে গেছে বলে মনে করা হয়।