News71.com
 International
 24 Aug 17, 09:06 AM
 171           
 0
 24 Aug 17, 09:06 AM

ভারতের মেঘালয়ে প্রথমবারের মত বিজিবি-বিএসএফ মৈত্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত।।  

ভারতের মেঘালয়ে প্রথমবারের মত বিজিবি-বিএসএফ মৈত্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ শেরপুরে নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের কিল্লাপাড়া বিএসএফ কাম্পে প্রথমবারের মতো বিজিবি-বিএসএফ মৈত্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সম্পর্ক আরো সৌহার্দ্যপূর্ণ করতে ভারতের সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয় বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

সকালে বিজিবি ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ বিজিবিএম ও ভারতীয় বিএসএফ তুরা হেডকোয়ার্টার্স সেক্টর ডিআইজি উদয় প্রতাপ সিং পাঠানিয়া যৌথভাবে ফিতা কেটে এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় ২৭ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনিসুর রহমান,কর্নেল আব্দুর রহমান,সেক্টর মেডিক্যাল অফিসার ডা. আব্দুর রহিম, বিএসএফ কমান্ডিং অফিসার পংকজ কুমার মিশ্রা,বিএসএফ'র ৭৫ ব্যাটালিয়ান কমান্ডার সুকুমার পাঠনায়কসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিক্যাল ক্যাম্পে দুই দেশের ৭ জন মেডিক্যাল অফিসার ভারতের মেঘালয়ের স্থানীয় ১৬৩ জন শিশু, ২৩৯ জন নারী ও ১৬৮ জন পুরুষসহ মোট ৫৭০ জন রোগীর বিনামূল্যে প্যাথলজিক্যাল পরীক্ষা,ব্যবস্থাপত্র প্রদান ও ওষুধ প্রদান করেন। বিকেলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের মাঝে পারস্পরিক শুভেচ্ছা উপহার বিনিময় করা হয়। মেডিকেল ক্যাম্প শুরুর আগে বিজিবি কর্মকর্তাদের সম্মানে গার্ড অব অনার প্রদান করেন বিএসএফ সদস্যরা।

এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ডালু সীমান্তে শহীদ বিএসএফ জওয়ানদের সম্মানে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। বিজিবি ময়মনসিংহের সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ বিজিবিএম সাংবাদিকদের জানান,২৫ আগস্ট আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে একইভাবে বাংলাদেশের নাকুগাঁও সীমান্তে দুই দেশের সীমান্তবর্তী বাহিনীর যৌথ উদ্যোগে বাংলাদেশের স্থানীয় জনসাধারণের জন্য আরো একটি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন