
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রশাসন গৃহীত নয়া আফগান কৌশলের মোকাবিলা করতে পাক প্রধানমন্ত্রী বৈঠক করলেন দেশের উচ্চপদস্থ আধিকারিক এবং সামরিক বিভাগের অফিসারদের সঙ্গে৷ দীর্ঘ ১৬বছর ধরে চলা সংঘাতের অবসান করতেই উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তালিবানদের হুমকি উপেক্ষা আফগানিস্তানে আরও সেনা পাঠাতে চলেছে আমেরিকা৷ যার জেরে সমস্যার সম্মুখীন পাকিস্তান৷ যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেন নি পাক প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসি৷ কিন্তু বিদেশমন্ত্রক খাওয়াজা আসিফ এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন, ওয়াশিংটন পাকিস্তানকে মিথ্যেভাবে ‘বলির পাঁঠা’ করতে চাইছে৷ এমনকি পাকিস্তান মারফত জঙ্গি অনুপ্রবেশের বিষয়টিও একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি৷
দিন দুয়েক আগে পাকিস্তানকে জঙ্গিদের ‘স্বর্গরাজ্য’ হিসেবে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷।এরপরেই আফগান সংবাদসংস্থায় একটি খবর প্রকাশিত হয়৷ যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আফগানিস্তানে সন্ত্রাসবাদী হামলায় মদত দিচ্ছে পাকিস্তান৷ তাই জঙ্গিদমন প্রক্রিয়ায় কোনওভাবেই ইসলামাবাদকে বিশ্বাস করা যায় না৷ এমনকি জঙ্গিদমন অভিযানে বারবারই সহযোগী দেশকে পাকিস্তান কার্যত পিঠে ছুরি মেরে সরে গিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনটিতে৷ তাই পাকিস্তানকে কোনওভাবেই দ্বিতীয়বারের জন্য সুযোগ দেওয়া উচিত নয় বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ওই আফগান প্রতিবেদনে৷