
আন্তর্জাতিক ডেস্ক : ডোকালাম ইস্যুতে দিনে দিনে ভারত-চীন উত্তেজনা বাড়ছে৷ দু'দেশের কূটনৈতিক সম্পর্কেও তার প্রভাব পড়তে শুরু করেছে৷ ধীরে ধীরে অচলাবস্থাও বাড়ছে৷ আর এরই মধ্যে আগামী মাসে বেজিংয়ে বসতে চলেছে ব্রিক সম্মেলন। সাংবাদিক সম্মেলন করে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইয়াং জানিয়েছেন, প্রস্তুতিমূলক যাবতীয় কাজ প্রায় শেষের পথে। কিন্তু এই সম্মেলনের প্রস্তুতি শেষ হলেও ডোকালাম ইস্যুর পরিপ্রেক্ষিতে জিয়ামেনের ব্রিক সম্মলেনে আদৌও কি অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? পিএমও থেকেও অংশগ্রহণের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি ।
উল্লেখ্য গত সপ্তাহে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী ব্রিক সম্মেলনে যোগ দিতে চিন যাবেন বলে কোনও খবর নেই। তাঁর কাছে এই সংক্রান্ত কোনও তথ্য এখনও আসেনি। আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর চিনের উপকূল শহর জিয়ামেনে আয়োজিত হবে ব্রিক সম্মেলন। ব্রাজিল, রাশিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই সন্মেলনে অংশগ্রহণ করবে। কারন তাদেরকে ঘিরেই এই সংগঠনটি গড়ে উঠেছে ।তবে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক ব্রিফিং এ বলেছেন, ‘‘প্রতিটি রাষ্ট্র ঐক্যবদ্ধ থাকবে বলে আমাদের আশা। আর একতার মধ্য দিয়েই ব্রিক সম্মেলন সাফল্য অর্জন করতে পারবে।’’ পাশাপাশি বলেন, ডোকলাম থেকে ভারত সেনা প্রত্যাহার করলে তবেই আলোচনা শুরু হবে৷