News71.com
 International
 24 Aug 17, 05:54 AM
 166           
 0
 24 Aug 17, 05:54 AM

ব্যক্তিগত গোপনীয়তা ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ।। সুপ্রিম কোর্ট

ব্যক্তিগত গোপনীয়তা ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ।। সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সুপ্রিম কোর্ট আজ এক রায়ে জানিয়েছেন,ব্যক্তিগত গোপনীয়তা বা 'রাইট টু প্রাইভেসি' নাগরিকদের মৌলিক অধিকার। শীর্ষ আদালতের ৯ সদস্যর বিশেষ সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছেন। এর আগে সর্বোচ্চ আদালতেরই দুটি বেঞ্চ পৃথক রায়ে বলেন,ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। সেই দুটি রায় আজ খারিজ হয়ে গেল।

সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী জীবনের অধিকারের মতোই নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখাও একজন নাগরিকের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। আধার কার্ডকে সরকার যেভাবে ব্যাংকিং,আয়কর,ভর্তুকি ও নানা সামাজিক সুরক্ষা প্রকল্প,জন্ম-মৃত্যুর সনদ দেওয়াসহ নানা পরিষেবার জন্য বাধ্যতামূলক করছে, তার ফলে নাগরিকের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য সরকারের হস্তগত হচ্ছে কিনা-তা নিয়েই এ মৌলিক অধিকারের প্রশ্নটি এসেছিল আদালতের কাছে। আধার কার্ড বাধ্যতামূলক করা প্রসঙ্গে অবশ্য আদালত আজ কোনো মন্তব্য করেননি।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ বলছেন,মূল প্রশ্নটির সমাধান করে দিয়েছেন আদালত। এবারে আধার কার্ড বাধ্যতামূলক করা সংক্রান্ত বিষয়গুলো অন্য,কম সদস্যের বেঞ্চে যাবে। সেখানেই রায় দেওয়া হবে আজকের রায়ের পরিপ্রেক্ষিতে। ভারতের জাতীয় পরিচয়পত্র আধার কার্ড এ নাগরিকদের আঙুলের ছাপ,চোখের মনির ছবিসহ বিস্তারিত তথ্য সংগৃহীত থাকে। সেই তথ্য সংগ্রহে একাধিক সংস্থা যুক্ত থাকে। বেশ কয়েকবার আধার কার্ডের তথ্য পাচারেরও অভিযোগ সামনে এসেছে।

আইনজীবীরা বলেন,নানা সামাজিক সুরক্ষা প্রকল্প বা আয়কর জমা দেওয়ার ব্যাপারে আধার কার্ড বাধ্যতামূলক করতেই পারে সরকার,কারণ তারা ওইসব প্রকল্প চালাচ্ছে। কিন্তু কে কী জিনিস কিনছে,ট্রেন বা প্লেনে চেপে কোথায় যাচ্ছে-সেসব কারণেও যদি আধার চাওয়া হয়,তার অর্থ প্রত্যেক নাগরিকের প্রতিটি কাজের ব্যাপারে সরকার জানতে পারছে। আজকের রায়ের পরে এটা পরিষ্কার হয়ে গেল যে সেই সব তথ্য গোপন রাখার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। তবে এ নিয়েও ভারতে বিতর্ক রয়েছে যে রাষ্ট্রের প্রয়োজনে কারও ওপর যদি নজরদারি চালাতে হয়,সেক্ষেত্রেও কী ব্যক্তিগত গোপনীয়তার অধিকার কার্যকরী থাকবে?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন