
আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুর উপকূলে দুর্ঘটনায় পড়া মার্কিন রণতরীর নিখোঁজ ১০ নাবিকের খোঁজ করতে গিয়ে ডুবে যাওয়া তরীটির ভেতর দেহাবশেষের সন্ধান পেয়েছেন ডুবুরিরা। মার্কিন নৌবাহিনী জানায়, ডুবুরিরা ইউএসএস জন ম্যাককেইন রণতরীর ডুবে যাওয়া অংশের বন্ধ কম্পার্টমেন্টগুলোর ভেতরে অনুসন্ধানের সময় মানুষের দেহাবশেষ খুঁজে পায়।যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এডমিরাল স্কট সুইফট মঙ্গলবার বলেছেন, নিখোঁজ ১০ নাবিকের ‘কিছু দেহাবশেষ’ পাওয়া গেছে। গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ২৪ এর দিকে দক্ষিণ চীন সাগরের মালয়েশীয় জলসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটির সঙ্গে লাইবেরিয়ার পতাকাবাহী অয়েল ট্যাংকার আলনিক এমসির সংঘর্ষ হয়।
এতে মার্কিন রণতরীর পোর্ট সাইড ক্ষতিগ্রস্ত হয়; নাবিকরা যে অংশে ঘুমাত সেখানকার বেশ কয়েকটি কম্পার্টমেন্টেও পানি ঢুকে যায়। সংঘর্ষে পাঁচ মার্কিন নাবিক আহত এবং ১০ নাবিক নিখোঁজ হওয়ার খবর এক বিবৃতিতে জানিয়েছিল দেশটির নৌবাহিনী।ওই সময় আহত নাবিকদের কারও প্রাণনাশের কোনও আশঙ্কা নেই বলেও জানানো হয়েছিল।নিখোঁজ নাবিকদের অনুসন্ধানে সোমবারই জাপানের ইয়োকোসুকায় মার্কিন নৌবাহিনীর জাহাজ মেরামত কারখানা, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় কমান্ডার লজিস্টিক গ্রুপ এবং ১৫তম মেরিটাইম এক্সপেডিশনারি ইউনিটের ডুবুরিরা তল্লাশি অভিযান শুরু করে।মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নৌ ও মেরিন বাহিনীর ডুবুরিরা রণতরীর ক্ষতিগ্রস্ত অংশ এবং সংঘর্ষ এলাকায় অনুসন্ধান কাজে যোগ দেয়।