
আন্তর্জাতিক ডেস্কঃ তিন মাস আগে বলেছিলেন, 'সৃষ্টিকর্তার যদি ইচ্ছে হয়, কালকেই রাজনীতিতে আসব। 'তিন মাস কেটে গিয়েছে। তিনি রাজনীতিতে আসেননি। তবে তামিলনাড়ুর রাজনীতিতে সে দিনের সেই একটা ঠোট্ট কথাই ছিল অনেক কিছু। জল্পনা ডালপালা মেলেছিল বিরাট ভাবে। কারণ, যিনি সৃষ্টিকর্তার নাম নিয়ে রাজনীতির মঞ্চে পৌঁছে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আর কেউ নন, তামিল ছবির সুপারস্টার রজনীকান্ত।সেই আশাকে সামনে রেখেই রাজ্যে আজ ব্যাপক সাড়া ফেলেছে রজনী-ভক্তদের জনসভা। ত্রিশূরে এই সভা ঘিরে হাজার হাজার সমর্থকদের জমায়েত থেকে একটাই দাবি— তামিলনাড়ুর দুর্দিনে হাল ধরুন থালাইভা (নেতা) রজনীকান্ত।
সভার আয়োজক গান্ধীয়া মাক্কাল আয়াক্কম (গান্ধীবাদী জন আন্দোলন)-এর নেতা তামিলাড়ুভি মনিয়ম, সুপারস্টার রজনীকান্তকে তামিল ছায়াছবির কিংবদন্তী এম জি রামচন্দ্রনের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, এমজিআর কিংবা জয়ললিতা যে ভাবে তামিল রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন, এখন রজনীকান্তেরও সময় হয়েছে সে ভাবে রাজনীতির আলোর সামনে চলে আসার। অনেকেই মনে করছেন, আসলে জনজোয়ারের এই আর্জির মধ্য দিয়ে রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে জল মাপছেন সুপারস্টার।
এদিকে রজনীর প্রসঙ্গ বাদ দিলেও তামিলনাড়ুর রাজনীতি এখন সন্ধিক্ষণে পৌঁছেছে। এডিএমকের দুই শিবিরের মিলন হয়েছে সোমবার। এডিএমকে শিবিরের এই তৎপরতার মধ্যেই বিরোধী দল ডিএমকের কাছাকাছি এসেছেন আর এক সুপারস্টার কমল হাসান। আর নতুন সমীকরণের হাওয়া জোরালো করে দিতে আজ থেকেই সক্রিয় হয়েছেন রজনী-ভক্তরা। তাদের দাবি, বিজেপির সঙ্গে যাওয়া নয়, নতুন দল গড়ুন রজনীকান্ত। তাতেই মোড় ঘুরে যাবে তামিল রাজনীতির।