News71.com
 International
 21 Aug 17, 07:10 AM
 252           
 0
 21 Aug 17, 07:10 AM

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আক্রমণ এবার বিজেপি সভাপতি অমিত শাহকে।।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আক্রমণ এবার বিজেপি সভাপতি অমিত শাহকে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মঞ্চে আক্রমণ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বিশেষ করে বিমুদ্রাকরণ বা নোট বাতিল, জিএসটি চালু ইত্যাদির বিরুদ্ধে। আর এ আক্রমণের লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী মোদি। শুধু তা-ই নয়,২০১৯ সালে লোকসভা নির্বাচনে মোদিকে পরাস্ত করে বিজেপির শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি পৃথক একটি বিরোধী মঞ্চ গড়ে মোদির বিরুদ্ধে লড়াইয়েরও আহ্বান জানান। ঘোষণাও দেন ২০১৯ সালেই দেশ থেকে বিদায় হবে বিজেপির শাসন।

সেই মমতা ব্যানার্জি এবার তাঁর লক্ষ্যমাত্রা পরিবর্তন করে নিয়ে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে। বলেছেন,মোদি ভালো,অমিত শাহই দেশে একনায়কতন্ত্রের বীজ রোপণ করছেন। দেশে যে চূড়ান্ত একনায়কতন্ত্রের পরিবেশ চলছে,তার জন্য দায়ী অমিত শাহ। মমতার এই লক্ষ্য পরিবর্তনে বিরোধী শিবিরে গুঞ্জন শুরু হয়েছে,তবে কি মমতা প্রচণ্ড চাপে পড়ে তাঁর রাজনৈতিক লড়াইয়ের অভিমুখ পরিবর্তন করছেন? কেননা,এমনিতে মমতা এবং তাঁর দল তৃণমূল সারদা কেলেঙ্কারি,রোজভ্যালি কাণ্ড এবং নারদ দুর্নীতি কাণ্ড নিয়ে প্রচণ্ড চাপে রয়েছে। তাই মমতা হঠাৎ করে মোদিকে বাদ দিয়ে অমিত শাহকে টার্গেট করায় বিস্মিত হয়েছে বিরোধী শিবির।

সম্প্রতি সাক্ষাৎকারে মমতা বলেছেন,নরেন্দ্র মোদিকে পছন্দ করতে পারি,অমিত শাহকে নয়। আমি প্রধানমন্ত্রীকে দোষী করছি না। কেন আমি তাঁকে দোষ দেব? তাঁর দলকে এই দোষের দায়িত্ব নিতে হবে। মমতা সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির প্রশংসা করে বলেছেন,সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িও বিজেপির লোক। কিন্তু তিনি নিরপেক্ষ এবং ভারসাম্য বজায় রাখতেন। আমরা তাঁর অধীনে কাজ করেছি এবং কোনো সমস্যায় পড়িনি। বর্তমান পরিস্থিতিতে মমতা বিজেপিকে দায়ী করে বলেছেন,আমরা আজ এত সমস্যায় পড়ছি কেন? আমি এর জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করতে চাই না। তাঁর দলকে এর দায় নিতে হবে। কেন তাঁর দল প্রত্যেককে সমস্যায় ফেলছে?

মমতা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সুপার ডিক্টেটরশিপের প্রশ্ন তুলে বলেছেন,প্রধানমন্ত্রী কে? মোদি না অমিত শাহ? এদিন মমতা ২০১৯ সালের সরকার পরিবর্তনের বার্তা থেকে সরে আসেননি। তিনি বলেছেন,২০১৯ সালে বিরোধী দলগুলো একটি মঞ্চে আসবে এবং কেন্দ্রের সরকার বদল হবে। আমরা এই পরিবর্তনের অপেক্ষায় রয়েছি। এখনো কোনো ফ্রন্ট গড়ে ওঠেনি। কিন্তু বিরোধী দলগুলো একটি মঞ্চে এসে খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে। ছয় মাস অপেক্ষা করুন। সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন