
আন্তর্জাতিক ডেস্ক : ডোকালাম ইস্যুতে ভারত-চিনের মধ্যে সমস্যা অব্যাহত৷ এরই মধ্যে শোনা যাচ্ছিল, যুদ্ধের সম্ভাবনাকে মাথায় রেখেই সীমান্তের আশেপাশের এলাকা খালি করার কাজে নেমে পড়েছিল ভারতীয় সেনাবাহিনী৷ যদিও এই বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। জানাগেছে চিনের পিএলএ সীমান্তে ক্রমশই তাদের শক্তি বাড়িয়ে চলেছে৷ তবে ‘না যুদ্ধ বা না শান্তি’ এমনই এক পরিস্থিতিতে দাঁড়িয়ে বিতর্কিত ডোকালাম৷ ভুটানের এই এলাকাতে চিন গত জুনে সড়ক নির্মাণের কাজ শুরু করলে ভারতের সঙ্গে তার বিবাদ শুরু হয়৷
সমস্যার সমাধানে কূটনৈতিক পথ অবলম্বনের চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত তার স্থায়ী কোনও সমাধান বেরোয়নি৷ জানাগেছে , আজ শুক্রবার নাথু লা-তে দুই দেশের সীমান্ত আধিকারিকদের বৈঠকে বসার কথা৷ প্রসঙ্গত, আগামী অক্টোবরে হতে চলা অ্যাডভান্স এক্সারসাইজ অর্থাৎ ‘অপারেশন অ্যালার্ট’ চলতি অগাস্টেই ভারতীয় সেনাবাহিনী করবে বলে জানাগেছে। এই অপারেশনে সেনাবাহিনী নিচের এলাকা থেকে উপরের এলাকার দিকে এগিয়ে যায়, যাতে ওপরের এলাকার অবস্থা-পরিস্থিতির সঙ্গে তারা মানিয়ে নিতে পারে৷ এভাবেই সেনারা প্রায় ১৫,০০০ফুট ওপরে যায়৷