
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পশ্চিম চিনে মঙ্গলবারের ভূমিকম্পের ফলে পাঁচ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল ৷ কিন্তু এখন শোনা যাচ্ছে মৃতের সংখ্যা বেড়ে হতে পারে ১০০ ৷ সরকারি সূত্রে এখবর জানানো হয়েছে ৷ চিনের সংবাদসংস্থা জিনহুয়া গতকাল জানিয়েছিল ভূমিকম্পের ফলে পাঁচ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ৬০ ৷ ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক ৷ কিন্তু চিনের ন্যাশনাল কমিশন ফর ডিজাস্টার রিডাকশন জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে হতে পারে ১০০ ৷ ২০১০-এর জনসংখ্যার তথ্যের উপর ভিত্তি করে একথা জানানো হয়েছে ৷ সংস্থার ওয়েবসাইটে প্রকাশ, ভূমিকম্পের ফলে প্রায় ১ লাখ ৩০ হাজার বাড়ির ক্ষতি হয়েছে ৷ সিচুয়ান প্রদেশে প্রাথমিক বিশ্লেষণের ভিত্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে ৷
জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, সিচুয়ানের রাজধানী চেনগডু থেকে ২৮৪ কিলোমিটার উত্তরে ভূমিকম্প অনুভূত হয় ৷ ভূ-পূষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে ছিল কেন্দ্রবিন্দু ৷ ভূমিকম্পের ফলে দেশের বিখ্যাত একটি ন্যাশনাল পার্কের ক্ষতি হয়েছে ৷ এই পার্কটিকে রাষ্ট্রসংঘ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে ৷ খবর অনুযায়ী এক পর্যটক মারা গেছেন ও চার জন আহত হয়েছেন ৷ আটকে পড়েছেন প্রায় ১০০ জন ৷ গতকাল ৩৮ হাজার জন সেখানে গিয়েছিল। গতকাল রাত ৯টা ২০ নাগাদ (১৩২০ GMT) ভূমিকম্প অনুভূত হয় ৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ ৷ ২০০৮ সালে এমনই একটি ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ মৃত ও নিখোঁজ হয়েছিলেন ৷